প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সোনারগাঁয়ের বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারে রওনা হন হেলাল উদ্দিন। ট্রলারে গরু-ছাগলসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
বৈদ্যার বাজারের কাছাকাছি মেঘনা নদীর মাঝপথে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকে নিখোঁজ ছিলেন একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন